ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেজন্য বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়।

রোববার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখাসহ অদূর ভবিষ্যতে ইতালির সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করতে চায়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন পোর্টফোলিওতে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। জবাবে মন্ত্রীও রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

বৈঠকে ইতালির রাষ্ট্রদূত বলেন, ইতালি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে চলমান রাখাসহ এটিকে আরও বিস্তৃত করতে আগ্রহী। বর্তমান ইতালি সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। অভিবাসন ইস্যুটি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, ইতালিতে আগামী জুন মাস থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এটি চালু হলে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজতর হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, এই গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে। এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির অভ্যন্তরীণ মন্ত্রীর অভিনন্দনপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, দ্বিপাক্ষিক শ্রমবাজার, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অভ কনসুলার চ্যান্সেরি লরা শেলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS