রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আলী আজগর সিকদার (২৩)।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নং গেটে উপস্থিত জনসাধারণ জাল নোটসহ একজনকে আটক করে রেখেছে– এমন খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক আলী আজগর সিকদারকে হেফাজতে নেয়।এসময় তার হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিকভাবে উদ্ধার করা নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী আজগর দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন।
গ্রেপ্তার আলী আজগরকে আদালতে পাঠানো হয়েছে।