জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু: শিল্পমন্ত্রী

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু।

সোমবার (১৩ এপ্রিল) শিল্পমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠকে শিল্পমন্ত্রী জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শিল্প মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অতীতে যেভাবে পাশে থেকেছি, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবো।

তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটি (ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি-টিএসডিএফ) স্থাপনের বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়ে শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করা হবে।

বৈঠকে শিল্পমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের সঙ্গে জাপানি শিল্প প্রতিষ্ঠান মিতসুবিশি ও টয়েটার সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে কাজ চলছে।

এ সময় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি, যুগ্ম সচিব সাহেলা আক্তার, ঢাকাস্থ জাপান দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান প্রথম সচিব কারাসাওয়া শিনজু এবং অর্থনৈতিক বিভাগের প্রথম সচিব সুকাও দাইসুকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS