বাথরুমের বেসিন হোক বা ড্রেসিং টেবিল, প্রতিদিনের পানির কণা, ধুলোবালি ও বাষ্পে আয়না দ্রুত ঝাপসা হয়ে যায়। আয়নায় নিজের মুখটাই যদি স্পষ্ট দেখা না যায়, তবে কারই বা ভালো লাগে! সাধারণ সুতির কাপড় দিয়ে মুছলেও অনেক সময় দাগ থেকেই যায়। তাই জেনে নিন আয়না ঝকঝকে রাখার কিছু কার্যকর উপায়,
গরম পানি ও সুতির কাপড়
সময় কম থাকলে হালকা গরম পানিতে একটি সুতির কাপড় ভিজিয়ে নিন। ভালোভাবে পানি নিংড়ে নিয়ে আয়নাটি মুছে ফেলুন।এরপর দ্রুত একটি শুকনো কাপড় দিয়ে আবার মুছে নিন। এতে পানির জেদি দাগ সহজেই দূর হবে।
টুথপেস্টের ম্যাজিক
আয়না নতুনের মতো চকচকে করতে টুথপেস্ট বেশ কার্যকর। সমপরিমাণ পানি ও টুথপেস্ট মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।এটি আয়নায় লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর পুরনো খবরের কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করুন। সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে আয়না ঝকঝকে হয়ে উঠবে।
বেকিং সোডা ও ভিনেগার
পুরনো বা বেশি নোংরা দাগ দূর করতে বেকিং সোডা ও ভিনেগার দিয়ে পেস্ট তৈরি করুন।
মিশ্রণটি আয়নায় লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। বেকিং সোডা না থাকলে শুধু পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করলেও ভালো ফল পাওয়া যায়।
কতদিন পর পরিষ্কার করবেন?
আয়না পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা ভালো। তবে খুব বেশি নোংরা না হলে ১৫ দিন পরপর পরিষ্কার করলেও আয়না স্বচ্ছ ও উজ্জ্বল থাকবে।