প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম

সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. শাকিরুল ইসলাম খান অন্যান্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন।তার নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে।

ড. শাকিরুল ইসলাম খান একজন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি, এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও নীতি সম্পর্কিত কাজের তদারকি করা।এছাড়া তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির তদারকিতেও যুক্ত থাকবেন।

বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ড. শাকিরুল ইসলাম খান গত দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষাদান ও গবেষণার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ’-এর সাথেও যুক্ত রয়েছেন।

তিনি ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতায় বিভিন্ন দেশে কাজ করেছেন এবং বিশেষ করে উন্নয়নশীল দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি উদীয়মান সংক্রামক রোগ যেমন ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯, জলাতঙ্ক ও নিপাহ ভাইরাসের চিকিৎসা ও গবেষণায় কাজ করেছেন। ডেঙ্গু নিয়ে তার গবেষণা এখনও অব্যাহত আছে। এছাড়া গুণমানসম্পন্ন পোলট্রি ও গবাদি পশু উৎপাদন এবং সংরক্ষণের ওপরও তার গুরুত্বারোপ রয়েছে।

শিক্ষাজীবনে তিনি ২০০৯ সালে জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন ‘গ্রেড এ+’ সম্মাননাসহ।২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ সায়েন্স (জাইকা স্কলার) ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে মাস্টার অফ সায়েন্স এবং ২০০০ সালে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি প্রথম শ্রেণিতে অর্জন করেন।

ড. শাকিরুল ইসলাম খান ২০২১ সাল থেকে জাপানের ওইতা ইউনিভার্সিটির ‘রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ’-এর মাইক্রোবায়োলজি বিভাগে ফুল ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন। ২০১৪–২০২১ সাল পর্যন্ত এহিমে ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনে সহকারী অধ্যাপক ছিলেন। ২০১১–২০২৪ সালে তিনি এহিমে ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। ২০১০–২০১১ সালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতেও রিসার্চ ফেলো ছিলেন। ২০০৩–২০১৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পাঠদান করেছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS