ঈদযাত্রা স্বস্তির করতে হাতিয়া ও ভোলাগামী নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধন করা জাহাজের মধ্যে ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা বেতুয়া নৌপথে মধুমতি জাহাজ চলাচল করবে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও হাবিবুর রশিদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রা উপলক্ষ্যে সাত দিনের জন্য ইজারা চার্জ মওকুফ করে দেওয়া হয়েছে। এ ব্যয় আমরা বহন করব। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী।এ সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, আজ যেই বিনামূল্যের সেবা (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এর জন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ঈদের মৌসুমকে কেন্দ্র করে পরিবহনে জ্বালানি তেলের সংকটের কোনো আশঙ্কা নেই।