ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভাষা রক্ষার উদ্যোগ নিতে হবে: চরমোনাই পীর

ক্ষুদ্র নৃগোষ্ঠির মাতৃভাষা রক্ষার উদ্যোগ নিতে হবে: চরমোনাই পীর

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, বিকাশ ও চর্চায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একই সঙ্গে উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলার পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি। 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই দাবি জানিয়ে চরমোনাই পীর বলেন, ১৯৪৭ সালের স্বাধীনতার পর রাষ্ট্রভাষা প্রশ্নে সৃষ্ট অস্থিরতার চূড়ান্ত ও নির্মম রূপ ছিল ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো ইতিহাসের এক বর্বর অধ্যায়।

তিনি বলেন, পাকিস্তান আমলে রাষ্ট্র পরিচালনায় স্বেচ্ছাচারিতার কারণেই ভাষা আন্দোলনের মতো মর্মান্তিক ঘটনার জন্ম হয়। এ সময় তিনি ভাষা শহীদ রফিক, আব্দুল জব্বার, বরকত ও আব্দুর সালামসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

চরমোনাই পীর আরও বলেন, ভাষা আন্দোলনের প্রায় পৌনে এক শতাব্দি পেরিয়ে গেলেও দেশের উচ্চশিক্ষা ও উচ্চ আদালতে বাংলা এখনো পূর্ণ মর্যাদা পায়নি। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি এটি বড় ধরনের অবজ্ঞা বলেও মন্তব্য করেন তিনি।এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি উচ্চ আদালত ও উচ্চশিক্ষায় বাংলার বাধ্যতামূলক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার জোর দাবি জানান।

একইসঙ্গে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্রীয়ভাবে গবেষণা, পাঠ্যক্রম প্রণয়ন এবং সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও বহুভাষিক ঐতিহ্য সংরক্ষণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS