আসছে সেপ্টেম্বর থেকেই প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা ভানসালির। এতে মধুবালার চরিত্রে দেখা যেতে পারে সারা অর্জুনকে।
বলিউডের প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষের পথে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল অভিনীত এই সিনেমার শুটিং শেষ করেই নতুন কাজে হাত দিতে চান নির্মাতা।
মধুবালার মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের জন্য সারা অর্জুনকে নির্বাচন করার মধ্যেই রয়েছে চমক। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন সারা।ইতোমধ্যেই একাধিক দক্ষিণী এবং হিন্দি সিনেমায় কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর তার পরিচিতি আরও অনেকটাই বেড়েছে।‘ধুরন্ধর’-এ তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল এবং এরপরই তার হাতে একের পর এক বড় প্রজেক্ট আসতে শুরু করে।
‘মহল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘মুঘল-এ-আজম’-এর মতো সিনেমাতে মধুবালার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। বিশেষ করে ‘মুঘল-এ-আজম’-এ আনরকলির চরিত্র তাকে ভারতীয় সিনেমার চিরকালীন আইকনে পরিণত করে।
তবে মধুবালার জীবন শুধুমাত্র সাফল্য আর গ্ল্যামারে ভরা ছিল না। ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং শারীরিক অসুস্থতা- সব মিলিয়ে মধুবালার জীবনের গল্প ছিল অত্যন্ত আবেগঘন। তার সঙ্গে অভিনেতা দিলীপ কুমারের সম্পর্ক এবং পরবর্তীকালে কিশোর কুমারের সঙ্গে বিয়ের ঘটনাও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।
বহু বছর ধরেই মধুবালার বায়োপিক নিয়ে আলোচনা চলছে। এর আগে একাধিক অভিনেত্রীর নামও সামনে এসেছিল। সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে। তবে মধুবালার মতো আইকনিক অভিনেত্রীর জীবনকে পর্দায় কীভাবে তুলে ধরা হবে এবং সারা অর্জুন সেই চরিত্রে কতটা নিজেকে বদলাতে পারবেন, তা নিয়েই এখন বলিউডপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই।