News Headline :
পাহাড়ে সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার সাচিং প্রু জেরীর

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার সাচিং প্রু জেরীর

বৃহত্তর পার্বত্য অঞ্চলসহ সমগ্র দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শন ও পরিকল্পনা বাস্তবায়নে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে নতুন করে সাজানোর যে চিন্তাভাবনা, ধ্যান-ধারণা ও পরিকল্পনা নিয়ে কাজ করছেন, তার অংশ হিসেবে পার্বত্য অঞ্চলেও একটি মিশন ও ভিশন রয়েছে। পার্বত্য তিন জেলায় চিরস্থায়ী শান্তি, সম্প্রীতি, সংহতি প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সুষম বণ্টন নিশ্চিত করতে তিনি যে দর্শন নিয়ে এগোচ্ছেন, আমি ওনার একজন কর্মী হিসেবে সেই লক্ষ্য অর্জনে সার্বিকভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, সব ধরনের মোহ থেকে মুক্ত হয়ে বৃহত্তর পার্বত্য অঞ্চলের সকল জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারি এবং শান্তিকে সামনে রেখে কাজ করতে পারি, সেই জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, বৃহত্তর পার্বত্য অঞ্চলের জন্য প্রধানমন্ত্রী আমার ওপর যে বিশ্বাস ও দায়িত্ব প্রদান করেছেন, ওনার প্রতিনিধি ও অগ্রগামী কর্মী (ভ্যানগার্ড) হিসেবে তা সততার সঙ্গে পালন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

শ্রদ্ধা নিবেদনকালে মন্ত্রিসভার নতুন সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS