ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ৭৭০ জনের বেশি সামরিক সদস্য হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর থেকে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা ক্রমেই বেড়েছে। সংঘাতের বিভিন্ন পর্যায়ে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা হতাহত হয়েছেন।
মার্কিন সামরিক বাহিনীর আহত ও নিহতের হিসাব নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক দেখা দিয়েছে। পেন্টাগন জুলাই মাসে ইরান যুদ্ধের হতাহতের হিসাব আলাদা শ্রেণিতে প্রকাশ করায় মোট সংখ্যা নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়ে।
ভারতের টাইমস অব ইন্ডিয়াও পেন্টাগনের হতাহতের হিসাব পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের মতে, জুলাইয়ের শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে যে নতুন হিসাব পদ্ধতি চালু করা হয় তাতে মার্কিন সামরিক সদস্যদের আহতের সংখ্যা ছিলো ৬২৪ জন।
এর আগে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছিল, জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ১৪ জন নিহত এবং ৪১৪ জন আহত হয়েছিলেন।
সাম্প্রতিক সময়ে ইরানের হামলায় জর্ডানসহ অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন সেনা হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার তথ্যও উঠে এসেছে।
নতুন এই হিসাব ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদি মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা আরও স্পষ্ট করে তুলছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর হতাহতের হিসাব কীভাবে করা হচ্ছে, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
আন্তর্জাতিক সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট