বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে ৮ম শ্রেণির ছাত্রী নিহত

বগুড়ায় স্কুলবাস খাদে পড়ে ৮ম শ্রেণির ছাত্রী নিহত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে কানিজ ফাতেমা ছোঁহা (১৩) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন বাসচালকের সহকারী (হেলপার) ও শিক্ষার্থীসহ অন্তত ১০ জন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া সদরের শাখায়া ইউনিয়নের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা ছোঁহা বগুড়া শহরের বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও খামারকান্দি পশ্চিম পাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বগুড়া শহরের বিসিক এলাকায় স্কুলটির অবস্থান। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়।বিকেল সোয়া ৫টার দিকে পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়, আহত হন অন্তত ১০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের পাশেই ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙ্গার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল এমনিতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর। তবে ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক।

দুর্ঘটনার খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS