চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা দত্ত

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা দত্ত

কলকাতার বইমেলায় ২০২২ সালে পকেটমারের অভিযোগে খবরের শিরোনামে এসেছিলেন বাঙালি অভিনেত্রী রূপা দত্ত। সেই ঘটনার কয়েক বছর পর এবার মুম্বাইয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে ফের আলোচনায় এই অভিনেত্রী।তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে জামিন পেয়েছেন তিনি।

টাকা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে রূপা দত্তকে গ্রেপ্তার করেছিল মুম্বাইয়ের কোলাবা পুলিশ।মামলাটি নিয়ে শুনানি শেষে মুম্বাইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন।

ঘটনার সূত্রপাত গত ১২ জুলাই।ওই দিন ডিম্পল সিঙ্ঘভি নামে এক নারী কোলাবা থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, বাবুলনাথ মন্দির থেকে কোলাবার জনাকীর্ণ এলাকায় যাওয়ার পথে তার পার্স চুরি হয়ে যায়।পার্সের ভেতরে নগদ টাকা ছাড়াও ছিল হিরা বসানো সোনার ব্রেসলেট, অ্যাপলের এয়ারপডস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে কোলাবা পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দাবি করে, সেখানে এক নারীকে অভিযোগকারীর পিছু নিতে দেখা যায়। তদন্তে ওই নারী হিসেবে রূপা দত্তকে শনাক্ত করা হয়। পরে ৬ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, অভিনেত্রীর কাছ থেকে চুরি যাওয়া কয়েকটি সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এরপর তাকে আদালতে হাজির করা হলে শুরু হয় আইনি প্রক্রিয়া।

সর্বশেষ শুনানিতে বিচারক আর এস ভোঁসলে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে রূপা দত্তের জামিন মঞ্জুর করেন। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার কোনো প্রমাণ নষ্ট বা প্রভাবিত করতে পারবেন না তিনি। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তেও পারবেন না।

তবে রূপা দত্তের আইনজীবী সুনীল পাণ্ডের দাবি, পুরো ঘটনাতেই অভিনেত্রীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার ভাষ্য, রূপা পরিস্থিতির শিকার হয়েছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS