প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি মাসে সরকারপ্রধানের দিল্লি সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।তবে প্রধানমন্ত্রীর সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ। ঢাকার চাওয়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণ করবে দেশটি।
তারেক রহমানের সফর নিয়ে ভারতকে যে বার্তা দিয়েছে, তার উত্তরের জন্য অপেক্ষা করছে ঢাকা।
এ ছাড়া, আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। ব্রিকসে যোগ দিতে ভারত যে আমন্ত্রণ পাঠিয়েছে, তাতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী উল্লেখ না করে শুধু বিমসটেক চেয়ার বলা হয়েছে, যা পছন্দ হয়নি বাংলাদেশের।