সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমেছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে।একইসঙ্গে সপ্তাহ ব্যবধানে সোনালি কক মুরগির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। বাজারে বেগুন প্রতিকেজি ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা, টমেটো কেজিপ্রতি ৫০ টাকা কমে ১২০ থেকে ১৬০ টাকা, করলা কেজিতে ৪০ টাকা কমে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।পটল, ঢেঁড়স, কাকরোল ও ঝিঙা মানভেদে কেজিপ্রতি ২০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, শসা ৫০ থেকে ৮০ টাকা, বটবটি ৮০ টাকা, গাজর ১২০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক হালি লেবু ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনেপাতা কেজি ৩০০ টাকা ও হাইব্রিড ধনেপাতা ২৪০ টাকা, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা পিস ও ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও চড়া দামেই বিক্রি হচ্ছে শিম ও ফুলকপি। শিম ২০০ টাকা কেজি এবং ছোট আকারের ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা পিস বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা কমে মুরগি ৩২০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৪০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা ও দেশি মুরগি ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে লাল শাক আঁটি ২০ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।
এসব বাজারে ইলিশ ৩০০ গ্রাম ওজনের ১ কেজি মাছ ১১০০ টাকা থেকে ১২০০, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১৮৯০ থেকে ২০০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক কেজি শিং চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতিকেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, কই ২২০ থেকে ২৩০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।