ঢাকার সাভারের সাধাপুরে মসজিদের মাঠে পড়ে থাকা কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
বুধবার (১২ আগস্ট) বেলা ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বাংলানিউজকে জানান, বেলা পৌনে ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৩টা ২৮ মিনিটের দিকে তারা বোমাটি নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা।ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেসার কুকার ছিল। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বুধবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রেসার কুকারটি দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থল থেকে স্থানীয়দের দূরে সরিয়ে রাখা হয়। পরে বিকট শব্দে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায় এবং আকাশে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা আবদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘অনেক আগেই আমাদের ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া উড়তে দেখি।’
প্রেসার কুকারটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।