পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ব্রোকারেজ হাউজগুলোর কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)-এর প্রশিক্ষণ হলে সিএসইর ঢাকাস্থ ট্রেকহোল্ডার কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসার ও অথরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘সিকিউরিটিজ আইন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা বর্তমানে একটি রূপান্তরকালের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে নিজেদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
একটি শক্তিশালী ও স্বচ্ছ নিয়ন্ত্রক কাঠামোর ওপরই ব্যবসার সফলতা নির্ভর করে। যে প্রতিষ্ঠান কমপ্লায়েন্সের নিয়মকানুন পালনে যত দক্ষ, সে প্রতিষ্ঠান তত বেশি সফল ও গ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে নতুন নতুন পণ্য চালুর কাজ চলছে এবং এ ক্ষেত্রে সিএসই বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে সিএসইর বহুল প্রতীক্ষিত ‘কমোডিটি মার্কেট’ স্থাপনের অগ্রগতির বিষয়ে তিনি উপস্থিত সবার কাছে তথ্য তুলে ধরেন এবং নতুন এ উদ্যোগে নিয়মকানুন মেনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
দুই দিনব্যাপী এ কর্মসূচিতে সিকিউরিটিজ আইনের সাম্প্রতিক পরিবর্তন, পরিবর্ধন এবং সঠিকভাবে প্রতিবেদন তৈরির পদ্ধতি সম্পর্কে আইনি ব্যাখ্যা তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিদিনের রিপোর্ট তৈরির ক্ষেত্রে ব্রোকারেজ হাউজগুলোর যেসব সাধারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সে বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।