মতিঝিলের সঙ্গে মিরপুর-ফার্মগেটের ঘটনার যোগ নেই: সিটিটিসি

মতিঝিলের সঙ্গে মিরপুর-ফার্মগেটের ঘটনার যোগ নেই: সিটিটিসি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে শনিবার (১ আগস্ট) মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুর কোনো সম্পৃক্ততা বা যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, মতিঝিলে উদ্ধার হওয়া বিস্ফোরকের ঘটনার সঙ্গে মিরপুর-১০ ও ফার্মগেটে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুর কোনো ধরনের সম্পর্ক বা যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

মিরপুর-১০ ও ফার্মগেটে কী উদ্ধার হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পাওয়া একটি ব্যাগে পান, সুপারি, জর্দাসহ কিছু সাধারণ জিনিসপত্র ছিল। সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।অন্যদিকে ফার্মগেটে উদ্ধার হওয়া বস্তার ভেতরে ছিল পরিত্যক্ত ময়লা-আবর্জনা। তাই এ দুটি ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বা এর পেছনে কোনো অপরাধী চক্র জড়িত কি না-এমন প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমরা সব দিক খতিয়ে দেখছি।

এ ধরনের ঘটনার সঙ্গে জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

মতিঝিলে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অগ্রগতির বিষয়ে তিনি জানান, ওই ঘটনায় পুলিশ, সিটিটিসি ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে কাজ করছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।

বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ না পাওয়া বা ক্যামেরা বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব বিষয়ই তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষে বিষয়গুলো পরিষ্কার হবে।

রাজধানীজুড়ে বোমা আতঙ্ক প্রসঙ্গে সিটিটিসি প্রধান বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে গুজব বা অযথা আতঙ্ক ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, সিটিটিসির মূল দায়িত্ব সন্ত্রাসবাদ দমন। পাশাপাশি সাইবার, কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ বিভিন্ন ইউনিট জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

মোহাম্মদ শামসুল হক বলেন, শনিবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন ও ফার্মগেট এলাকায় বোমা সদৃশ বস্তু থাকার খবর পাওয়ার পরপরই সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া বস্তুগুলো কোনো বিস্ফোরক নয়।

তিনি জানান, মিরপুর-১০ স্টেশনে পাওয়া ব্যাগে পান, সুপারি, জর্দাসহ সাধারণ কিছু সামগ্রী ছিল। আর ফার্মগেটে পাওয়া বস্তার মধ্যে ছিল পরিত্যক্ত ময়লা-আবর্জনা। ফলে জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি বা ঝুঁকি পাওয়া যায়নি।

তিনি বলেন, এর আগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরক উদ্ধারের ঘটনাতেও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জননিরাপত্তা নিশ্চিত করে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কোনো বস্তু বা কার্যকলাপ দেখলে তা স্পর্শ না করে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে এবং দ্রুত নিকটস্থ থানা, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS