চড়ের পর চুল টানাটানি, শুটিংয়ে নোরার সঙ্গে কী ঘটেছিল?

চড়ের পর চুল টানাটানি, শুটিংয়ে নোরার সঙ্গে কী ঘটেছিল?

বলিউডে পা রাখার পথ সব সময় মসৃণ হয় না, তার প্রমাণ নোরা ফাতেহি। আজ যার নাচে মুগ্ধ বিশ্বের অগুণতি অনুরাগী।তবে ক্যারিয়ারের শুরুতেই মারাত্মক এক বিপদে পড়তে হয়েছিল তাকে।

প্রথম সিনেমার সেটেই নাকি এক সহ-অভিনেতার সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন নোরা।কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছায়, সেটের মধ্যেই শুরু হয়ে যায় চড়-থাপ্পড় থেকে চুল টানাটানি!

ঘটনাটি ঘটে ২০১৪ সালে। কামাল সদানা পরিচালিত ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছিল নোরার।সুন্দরবনে চলছিল শুটিং। ঠিক সেই সময়েই ঘটে যায় অপ্রীতিকর ঘটনাটি।

শুটিংয়ে এক সহ-অভিনেতা নোরার সঙ্গে দুর্ব্যাবহার করেন। এতে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি নোরা। সোজা গিয়ে ওই অভিনেতার গালে একটা কষিয়ে চড় মারেন এই অভিনেত্রী।

তবে ঝামেলা সেখানেই থেমে যায়নি। নোরার চড়ের পর ওই অভিনেতাও মারাত্মক খেপে যান। তিনি উল্টো নোরাকে থাপ্পড় মারেন এবং রাগের মাথায় তার চুল ধরে টান দেন। নোরাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী ছিলেন না! তিনিও পাল্টা ওই অভিনেতার চুল টেনে ধরেন। পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত গড়ালে শেষ পর্যন্ত সিনেমার পরিচালককে নিজে এসে মাঝপথে হস্তক্ষেপ করতে হয় এবং দু’জনকে শান্ত করেন।

কয়েক বছর পর ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে বিষয়টি শেয়ার করেন নোরা। আয়ুষ্মান খুরানার সঙ্গে কাজের প্রচারে এসে আড্ডার ফাঁকে তিনি জানান, একসময় সেটে কতটা বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে।

নোরার মুখে এই ঘটনা শুনে সঞ্চালক কপিল শর্মা মজা করে মন্তব্য করেন, ‘এমন লোকের তো কড়া শাস্তি হওয়া দরকার!’ কপিলের কথায় সায় দিয়ে নোরা জানান, ওই সহ-অভিনেতার আচরণ সত্যিই অপ্রত্যাশিত ছিল।

উল্লেখ্য, ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ সিনেমাতে অভিনব শুক্লা, আলিয়া কুলি মির্জার মতো শিল্পীরা অভিনয় করেছিলেন। সুন্দরবনের প্রকৃত লোকেশনের পাশাপাশি লস অ্যাঞ্জেলেস ও থাইল্যান্ডের প্রশিক্ষণপ্রাপ্ত বাঘ এবং উন্নত প্রযুক্তির ভিএফএক্স ব্যবহার করে তৈরি হয়েছিল সিনেমাটি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS