স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম বাড়ানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৭ জুলাই) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে গত ২৪ জুলাই ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার মতো রুপার গহনার দামও ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৯০৭ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৫ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৪৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৮ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।