ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাব ফুলহামের মূল একাদশের হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ১৮ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড।নরউইচ সিটির বিপক্ষে একটি প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে তার অভিষেক ঘটে।
মটস্পার পার্কে আয়োজিত এই লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬তম মিনিট) উইঙ্গার কেভিনের বদলি হিসেবে মাঠে নামেন ফারহান।নেমেই নিজের ঝলক দেখাতে শুরু করেন তিনি। বক্সের বাইরে থেকে তার নেওয়া একটি দর্শনীয় কার্লিং শট নরউইচের গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ দারুণ দক্ষতায় আটকে না দিলে হয়তো অভিষেকেই জালের দেখা পেয়ে যেতেন তিনি।
ম্যাচটিতে ফুলহাম ২-০ ব্যবধানে পরাজিত হলেও, নতুন কোচ আলভারো আরবেলোয়ার আস্থার প্রতিদান দিয়ে ৪৫ মিনিট জুড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম মাঠে গড়ানোর আগে আরও চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফুলহাম।এই ম্যাচগুলোতে নজর কাড়তে পারলে মূল দলে তার জায়গা পাকাপোক্ত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
মাত্র ১২ বছর বয়সে চেলসির একাডেমি ছেড়ে ফুলহামের বয়সভিত্তিক দলে নাম লেখান ফারহান। এরপর থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন তিনি। ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের জার্সিতে ১৭টি ম্যাচ খেলে ৭ বার লক্ষ্যভেদ করার পাশাপাশি, অনূর্ধ্ব-২১ দলের হয়ে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পান প্রতিভাবান এই উইঙ্গার। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের নভেম্বরে ‘প্রিমিয়ার লিগ টু’-এর মাসসেরা খেলোয়াড়ের খেতাবও নিজের ঝুলিতে পোরেন তিনি।
লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ী হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের মূলধারার ফুটবলে উঠে আসা ফারহানকে ঘিরে এখন নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লাল-সবুজের জার্সিতে খেলার ব্যাপারে ফারহান নিজেও বেশ আগ্রহী বলে এর আগে নিশ্চিত করেছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই বাংলাদেশি পাসপোর্টের জন্য নিজের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করবেন এই প্রতিভাবান ফুটবলার।