অস্ট্রেলিয়া দল দেখলেই বোঝা যাচ্ছে, তারা সিরিজটা হালকাভাবে নেয়নি: শান্ত

অস্ট্রেলিয়া দল দেখলেই বোঝা যাচ্ছে, তারা সিরিজটা হালকাভাবে নেয়নি: শান্ত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।তার সঙ্গে আছেন জশ হ্যাজলউড, নাথান লায়নের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। অর্থাৎ, শক্তির বিচারে প্রায় পূর্ণাঙ্গ দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এমন দল ঘোষণাকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবেও দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডই বলে দিচ্ছে তারা এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।

শান্ত বলেন, ‘প্রতিপক্ষের দল দেখলেই বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি। বাংলাদেশের জন্য এটি অনেক বড় একটি সুযোগ।এই দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, সেটিই গুরুত্বপূর্ণ।’

গত জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল আনেনি অস্ট্রেলিয়া। তবে এবার টেস্ট সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক কামিন্সের পাশাপাশি হ্যাজলউড, লায়নসহ প্রায় সব অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে সিরিজটির প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ অধিনায়ক মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারলে টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান আরও সুসংহত করা সম্ভব।

তিনি বলেন, ‘ইতিমধ্যেই আমরা একটি ভালো অবস্থান তৈরি করতে পেরেছি এই টেস্ট দলটা নিয়ে। এখন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে পারলে নিজেদের আরও ভালোভাবে প্রমাণ করার সুযোগ থাকবে।’

আগামী আগস্টে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ। নিজেদের মাটিতে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কামিন্স-হ্যাজলউড-লায়নদের মতো তারকাসমৃদ্ধ দলের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করলেও, নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী শান্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS