শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান আজ

শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সংগীতানুষ্ঠান আজ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার একক সংগীতানুষ্ঠান।

ছয় দশকেরও বেশি সময়ের গৌরবময় সংগীতজীবনে অসংখ্য মঞ্চে গান গাইলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই হতে যাচ্ছে রুনা লায়লার প্রথম একক পরিবেশনা। 

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে তিনি তার ৬২ বছরের সংগীতজীবনের বিভিন্ন সময়ের শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে।৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম।আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

গান পরিবেশনের পাশাপাশি এদিন রুনা লায়লাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

এর আগে একই ধরনের বিশেষ আয়োজনের মাধ্যমে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মান জানিয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS