বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় বড় ধাক্কা, ২১৮ জনের মধ্যে পাস মাত্র ২০

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় বড় ধাক্কা, ২১৮ জনের মধ্যে পাস মাত্র ২০

জেলা ও মহানগর পর্যায়ে কোচ নিয়োগের জন্য নেওয়া পরীক্ষায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১৮ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় পাস করেছেন মাত্র ২০ জন।এমনকি কয়েকজন প্রার্থী লিখিত পরীক্ষায় খাতা প্রায় খালি জমা দিয়েছেন বলেও জানা গেছে। ব্যবহারিক পরীক্ষাতেও অনেকের পারফরম্যান্স সন্তোষজনক নয়।

গত ২২ থেকে ২৪ জুলাই তিন দিন ধরে জেলা ও মহানগরের কোচ নিয়োগের পরীক্ষা নেয় বিসিবি। নিয়োগের প্রাথমিক মানদণ্ড ছিল আবেদনকারীকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে অথবা লেভেল ওয়ান কোচিং কোর্সের সনদধারী হতে হবে।পাশাপাশি সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হওয়াও ছিল অন্যতম শর্ত।

তবে ২১৮ জন আবেদনকারীর মধ্যে মাত্র ৯০ জন এই প্রাথমিক যোগ্যতা পূরণ করেছিলেন।এরপরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় সবাইকে। কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২১৮ জনের মধ্যে মাত্র ২০ জন পাস করায় জেলা ও মহানগরের কোচ নিয়োগ প্রক্রিয়া আপাতত থমকে যেতে পারে।

গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহা জানিয়েছেন, ভালো মানের কোচ খুঁজে বের করতে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমান পরীক্ষার্থীদের মধ্যে যাদের যোগ্য মনে হবে, তাদের রাখা হতে পারে। তবে নতুন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আগের মতো কোনো নির্দিষ্ট মানদণ্ড থাকবে না।

বিসিবির পরিকল্পনা, এবার আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করে দিয়ে আরও বড় পরিসরে যোগ্য কোচ খুঁজে বের করা। কারণ জেলা পর্যায়ে ক্রিকেটের উন্নয়নের জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন কোচ নিয়োগকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় বোর্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS