নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং এর জেরে দেশজুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভের প্রতি সংহতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের ঘটনার দুই দিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিল্লি ও মুম্বাইয়ের বিক্ষোভের কয়েকটি ছবি প্রকাশ করেন টুইঙ্কেল। তার শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায় ২৭ বছর বয়সী মডেল রিয়া আহিরকে।শিবাজি পার্কে বিক্ষোভ চলাকালে আটক আন্দোলনকারীদের বহনকারী পুলিশের গাড়ি আটকে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।
অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত আন্দোলনে রিয়া আহির পরিচিত মুখ হয়ে ওঠেন।অন্য একটি ছবিতে দেখা যায়, দিল্লি পুলিশের লাঠিচার্জ থেকে সহ-বিক্ষোভকারীদের রক্ষা করতে এক নারীকে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকতে।
ছবিগুলোর ক্যাপশনে টুইঙ্কেল খান্না লেখেন, ‘আমি এমন একটি দেশের নাগরিক হিসেবে গর্বিত, যেখানে আমাদের তরুণ প্রজন্মের এখনও প্রতিবাদ জানানোর, প্রতিরোধ গড়ে তোলার এবং কাঁদানে গ্যাস ও লাঠির আঘাত সহ্য করার সাহস রয়েছে।তবে দুঃখজনক বিষয় হলো, তাদের বাধ্য হয়ে এসব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’
শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে বলিউডের আরও কয়েকজন তারকা ও বিশিষ্ট ব্যক্তি এগিয়ে এসেছেন। অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা প্রকাশ রাজ যন্তর-মন্তরে গিয়ে শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ কর্মসূচিতে সরাসরি অংশ নেন। এ ছাড়া সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, ইমরান খান ও রাজকুমার রাওসহ কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শহরের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ দিল্লির যন্তর-মন্তরে জড়ো হয়েছেন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণ আন্দোলনকারীদের উদ্দেশে কথিত ‘ককরোচ’ শব্দ ব্যবহারের পর শিক্ষার্থীরা সেই নামকেই প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করে ব্যঙ্গাত্মক এই সংগঠন গড়ে তোলে।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে মুক্তি দেওয়া।
গত ২০ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচির পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কর্মসূচিতে একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের অভিযোগ ওঠে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।
তবে পুলিশ দাবি করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, পরীক্ষা পদ্ধতিতে কার্যকর সংস্কার, বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস