অভিনয়জগতে ক্যারিয়ারের শুরুর দিকে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা অনেক তারকারই রয়েছে। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের তেমনই এক অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সিম্পল কৌল।
‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘শারারাত’ ও ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জানিয়েছেন, এক পরিচালক তাকে রাতে একটি হোটেলে একা দেখা করার প্রস্তাব দিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিম্পল জানান, ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালক তাকে রাত সাড়ে ৮টা বা ৯টার দিকে একটি হোটেলে দেখা করতে বলেছিলেন।পরিচালকের এমন প্রস্তাবে তিনি একা যেতে রাজি হননি। বরং বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা জানান অভিনেত্রী।
তবে এরপরও ওই পরিচালক তাকে একা দেখা করার প্রস্তাব দেন। সিম্পলের ভাষ্য অনুযায়ী, পরিচালক বলেন, তার বন্ধুরা যেন হোটেলের নিচে অপেক্ষা করেন এবং তিনি একাই ওপরে তার ঘরে চলে আসেন।
পরিচালকের এমন প্রস্তাবে অবশ্য নিজের অবস্থান থেকে একচুলও সরেননি সিম্পল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেখা করতে হলে হোটেলের লবিতেই দেখা করবেন। আর যদি ওপরে যেতে হয়, তাহলে নিজের টিমের সদস্যদের সঙ্গে নিয়েই যাবেন।
অভিনেত্রী জানান, কোনো একটি চরিত্র বা কাজ পাওয়ার জন্য তিনি কখনো মরিয়া ছিলেন না। তাই নিজের নীতি ও ব্যক্তিগত সীমারেখা বজায় রেখেই ক্যারিয়ারে এগিয়ে গেছেন।
অভিনয়জগতে যারা নতুন, তাদের জন্যও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সিম্পল। তার মতে, যেকোনো পরিস্থিতিতে নিজের অন্তর্দৃষ্টি বা ভেতরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত। কোনো জায়গায় বা কারও আচরণে সামান্যতম অস্বস্তি বোধ হলে সেখান থেকে সরে আসাই ভালো।
সিম্পল আরও বলেন, অভিনয় ক্যারিয়ারে সফল হতে কঠোর পরিশ্রম, নিয়মিত অডিশন এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফল্যের জন্য নিজের নৈতিকতা বা মূল্যবোধের সঙ্গে আপস করার কোনো প্রয়োজন নেই।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি বর্তমানে ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন সিম্পল কৌল। মুম্বাই ও বেঙ্গালুরুতে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করছেন তিনি।