বিশ্বকাপ বয়কট ইস্যু: বাশারকে রেখে তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ বয়কট ইস্যু: বাশারকে রেখে তদন্ত কমিটি গঠন

মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। তবে বিশ্বকাপ অনেক আগেই শেষ হয়ে গেলেও, সেটি বয়কটের রেশ এখনও রয়ে গেছে।

সরকার পরিবর্তনের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে আসা আমিনুল হক বিশ্বকাপ বয়কটের ইস্যু খতিয়ে দেখতে চেয়েছিলেন। এবার তার সেই কথার বাস্তবায়ন ঘটল।

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করেছে ৩ সদস্যের তদন্ত কমিটি। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির বাকি সদস্য আইনজীবী ফয়সাল দস্তগীর। বাশার বর্তমানে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন। বিসিবির অধীনস্থ কাউকে তদন্ত কমিটিতে রাখায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা কমিটি সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন। সেখান থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার পেছনের কারণ, প্রশাসনিক জটিলতা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবে এই কমিটি। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সুপারিশও প্রদান করবেন তারা। 

এর আগের বিসিব নির্বাচন নিয়ে তদন্ত করে অনিয়ম পাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বধানীন ক্রিকেট বোর্ড ভেঙে দেয় মন্ত্রণালয়। এরপর তামিম ইকবালকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS