বাফুফের এজিএম স্থগিত

বাফুফের এজিএম স্থগিত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ‘সাধারণ সভা ২০২৫’ বা এজিএম স্থগিত করা হয়েছে। 

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ মে এই সভা আয়োজনের কথা ছিল।

আজ বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ মে বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি জরুরি সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণবশত আসন্ন সাধারণ সভাটি আপাতত স্থগিত করা হয়েছে। বাফুফে কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় নতুন তারিখ পুনরায় নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও জানা গেছে, মূলত দুটি প্রধান কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, বার্ষিক সাধারণ সভা আয়োজনের জন্য ২০২৫ সালের অডিট রিপোর্ট প্রয়োজন, যা এখনো প্রস্তুত হয়নি।রিপোর্ট প্রস্তুত হওয়ার পর বাফুফের সংশ্লিষ্ট কমিটিকে তা পর্যালোচনা করতে হবে, যার জন্য অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন। বর্তমান সময়ের মধ্যে যা কোনোভাবেই সম্ভব নয়। 

দ্বিতীয়ত, আগামী ২৭ বা ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। ঈদের মাত্র পাঁচ-ছয় দিন আগে এজিএম অনুষ্ঠিত হলে দূরের জেলাগুলো থেকে আসা প্রতিনিধিদের বাড়ি ফিরতে চরম ভোগান্তি পোহাতে হবে। পাশাপাশি এই সময়ে সবার পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততাও থাকে।

জুন মাস জুড়ে রয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই মাসে বাংলাদেশ জাতীয় দলেরও ব্যস্ততা রয়েছে; মালদ্বীপ ও সান মারিনোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া বাফুফে এবং বিভিন্ন ক্লাবের অনেক কর্মকর্তা বিশ্বকাপ দেখতে আমেরিকা, কানাডা কিংবা মেক্সিকোতে অবস্থান করবেন। তাই কার্যনির্বাহী কমিটির সভায় বিশ্বকাপের পর একটি সুবিধাজনক সময়ে এজিএম আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। 

তবে ২২ মে এজিএম অনুষ্ঠিত না হলেও, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এর পরের দিন অর্থাৎ ২৩ মে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ‘এএফসি গ্রাসরুট ডে’ যথাযথভাবে পালিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS