ঢাকা টেস্টের চতুর্থ দিনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল হক।
বাংলাদেশের হয়ে এর আগে শুধু মুশফিকুর রহিম ও তামিম ইকবালই টেস্টে ৫ হাজার রান করতে পেরেছিলেন।ঢাকা টেস্ট নিয়ে মুমিনুলের টেস্ট সংখ্যা ৭৬টি। বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুলের বিশ্বাস মুমিনুলই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলবেন।
এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘মুশফিকের পর বাংলাদেশের হয়ে ১০০তম টেস্ট খেলার খুব কাছাকাছি থাকা দ্বিতীয় ক্রিকেটারও সেই। যদিও এখনও ২৪টি ম্যাচ বাকি আছে, তারপরও আমি মনে করি বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার কৃতিত্ব তারই হবে।’
আশরাফুল আরও বলেন, ‘শেষ পাঁচটি ইনিংসের দিকে তাকালে দেখা যায়, দুটি ৮০, একটি ৯০, একটি ৬০ এবং আজ ৫৬ রান করেছে। আলহামদুলিল্লাহ, প্রায় প্রতিটি ইনিংসেই সে দলের জন্য অবদান রাখছে।পরিসংখ্যানই বলে দিচ্ছে, মুমিনুল দলে কতটা প্রভাব রাখছে।
মুমিনুল টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি পেয়েছেন। শুধু তাই নয়, টানা ৫ ইনিংসে মুমিনুল হাফ সেঞ্চুরি পেয়েছেন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও ৯১ রান করে আউট হয়েছিলেন তিনি। গত ৫ ইনিংসের অন্তত তিনটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার।
সেঞ্চুরি মিস নিয়ে আশরাফুল বলেন, ‘সে যেভাবে ধারাবাহিকভাবে অবদান রেখে যাচ্ছে, আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি প্রত্যাশা থাকবে, ৫০ রানের ইনিংসগুলোকে আরও বড় করে শতকে রূপ দিতে পারবে। ক্যারিয়ারের শুরুর দিকে আমরা যে মুমিনুলকে দেখেছিলাম বড় বড় সেঞ্চুরি করতে; সামনের সিরিজ ও টেস্ট ম্যাচগুলোতে সেই মুমিনুলকেই আবার দেখতে চাই।’