৩২ বলে ১০৮, নরসিংদীতে কিশোর ব্যাটারের ঝড়ে রেকর্ড রান

৩২ বলে ১০৮, নরসিংদীতে কিশোর ব্যাটারের ঝড়ে রেকর্ড রান

নরসিংদীতে চলমান ‘নতুন কুঁড়ি’ টি-টেন ক্রিকেট প্রতিযোগিতায় ব্যাট হাতে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন তরিকুল ইসলাম পরশ। মাত্র ৩২ বলে অপরাজিত ১০৮ রান করে জেলা পর্যায়ের এই আসরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নরসিংদী সদর উপজেলার এই তরুণ ক্রিকেটার।তার ঝড়ো ব্যাটিংয়ে শিবপুর উপজেলাকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সদর উপজেলা দল।

নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে নরসিংদী সদর উপজেলা।ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন পরশ। শিবপুরের বোলারদের কোনো সুযোগ না দিয়ে একের পর এক চার-ছক্কায় দ্রুত রান তুলতে থাকেন তিনি।

মাত্র ৩২ বলের ইনিংসে ১০টি চার ও সমানসংখ্যক ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ২১১ রান তোলে সদর উপজেলা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শিবপুর উপজেলা। বড় রান তাড়ার চাপ সামলাতে না পেরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ১০ ওভারে ৬ উইকেটে মাত্র ৫৬ রান তুলতে সক্ষম হয় দলটি। ফলে সহজ জয় নিয়ে ফাইনালে ওঠে নরসিংদী সদর উপজেলা।

তরিকুল ইসলাম পরশের বেড়ে ওঠার গল্পও অনুপ্রেরণার। কৃষক বাবার সন্তান পরশ ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল ভীষণ আগ্রহী। পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও নিজের পরিশ্রম আর প্রতিভা দিয়ে এগিয়ে চলেছেন তিনি। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন এই কিশোর অলরাউন্ডার।

দেশজুড়ে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার লক্ষ্যেই ৬৪ জেলায় আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি’ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজকদের বিশ্বাস, তরিকুল ইসলাম পরশের মতো তরুণরাই ভবিষ্যতে দেশের ক্রিকেটে বড় ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS