বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার বসুন্ধরা কিংস ও পুলিশ এফসির মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি যেন পরিণত হয়েছিল এক শ্বাসরুদ্ধকর নাটকে। খেলোয়াড় বদলির নিয়ম নিয়ে সৃষ্ট জটিলতায় ১ ঘণ্টা ১২ মিনিট খেলা বন্ধ থাকার নজিরবিহীন ঘটনা দেখেছে কিংস অ্যারেনা।লাল কার্ড, তুমুল উত্তেজনা আর দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। আর কিংসের এই পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়ে শিরোপা দৌড়ে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ঢাকা আবাহনী।
নিজেদের ঘরের মাঠ কিংস অ্যারেনায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বসুন্ধরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই রাকিব হোসেনের একটি শট ফিরিয়ে দেন পুলিশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ।এরপর ২৯ ও ৩৩ মিনিটে উভয় দলই গোলের সুযোগ হাতছাড়া করে। তবে ৩৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা।রাকিব হোসেনের বাড়ানো ক্রসে ছোট বক্সের ভেতর থেকে লাফিয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় কিংস।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া পুলিশ এফসি ৫৩ মিনিটেই ম্যাচে ফেরে। বক্সের জটলার ভেতর সতীর্থের হেড থেকে পাওয়া বল দৃষ্টিনন্দন এক সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন পুলিশের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পাওলো হেনরিক। তবে অতি উল্লাসে জার্সি খুলে ফেলে রেফারির কাছে প্রথম হলুদ কার্ডটি দেখেন তিনি। ম্যাচের সবচেয়ে উত্তেজনাকর এবং অনাকাঙ্ক্ষিত মুহূর্তটি আসে ৬৩ মিনিটে। বল দখলের লড়াইয়ে কিংসের ফয়সাল আহমেদ ফাহিমকে ধাক্কা দিয়ে বসেন হেনরিক। রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখালে শুরু হয় চরম বিতর্ক।

১০ জনের দলে পরিণত হওয়া পুলিশ এফসি এরপর একজন দেশি খেলোয়াড়কে তুলে বিদেশি ফুটবলার দানিলো কুইপাকে মাঠে নামাতে চায়। তখনই আপত্তি তোলেন কিংসের ডিফেন্ডার তপু বর্মন। লিগের বাইলজ অনুযায়ী, বিদেশির বদলি হিসেবে কেবল বিদেশিই নামতে পারবেন। এই নিয়ম মনে করিয়ে দিলে তপুর সঙ্গে হেনরিকের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ডাগআউট থেকে নিজেদের খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দেন পুলিশ এফসির কর্মকর্তারা।
পুলিশের দাবি ছিল, পিডব্লিউডির বিপক্ষে আগের একটি ম্যাচে দেশি খেলোয়াড় জমির উদ্দিনের বদলি হিসেবে ঘানার ফুটবলার ডাবাঙ্কা কফিকে মাঠে নামানোর অনুমোদন দিয়েছিলেন রেফারি। তাহলে আজ কেন নিয়ম ভিন্ন হবে? এ নিয়ে ম্যাচ কমিশনার, রেফারি ও দুই দলের কর্মকর্তাদের মাঝে দীর্ঘ আলোচনা চলে। ফলে ম্যাচটি টানা ১ ঘণ্টা ১২ মিনিট বন্ধ থাকে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ম্যাচ পুনরায় শুরু হলে রেফারি ২৭ মিনিট অতিরিক্ত সময় (ইনজুরি টাইম) যোগ করেন। ১৪৪তম মিনিটে ফাহিমের কর্নার থেকে তপু বর্মনের নেওয়া হেড ক্রসবারে লেগে ফিরে আসলে নিশ্চিত গোলবঞ্চিত হয় কিংস। উল্টো ১৫৪ মিনিটে পুলিশের ইসমাইল হোসেনকে বুটের তলা দিয়ে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিংসের রিমন হোসেন। ফলে স্বাগতিকরাও ১০ জনের দলে পরিণত হয় এবং ড্র মেনেই মাঠ ছাড়ে। এটি চলতি লিগে কিংসের পঞ্চম ড্র।
এদিকে কিংস অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ড্রপের দিনে নিজেদের ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। এই ফলাফলের পর ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান কোনোমতে ধরে রেখেছে বসুন্ধরা কিংস। তবে সমান ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে (৩৪ পয়েন্ট) দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। ফলে লিগের শিরোপা লড়াই এখন রীতিমতো রোমাঞ্চকর এক মোড়ে এসে দাঁড়িয়েছে।