প্রচণ্ড গরমে শরীর ঘামবে-এটাই স্বাভাবিক। অতিরিক্ত তাপমাত্রা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া আমাদের ঘর্মাক্ত করে তোলে।তবে অনেকের ক্ষেত্রে তাপমাত্রা কম থাকলেও অস্বাভাবিক ঘাম হয়, যা বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।
বিশেষজ্ঞদের মতে, শরীরে কোনো রোগ না থাকলেও স্নায়ুগ্রন্থির প্রভাবে ঘর্মগ্রন্থি অতিরিক্ত সক্রিয় হয়ে গেলে বেশি ঘাম হতে পারে।এছাড়া ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, মেনোপজ বা উদ্বেগ থেকেও ঘাম বেড়ে যেতে পারে।
কীভাবে নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত ঘাম
সুতির পোশাক বেছে নিন
গরমকালে ত্বকের আরামের জন্য পোশাক খুবই গুরুত্বপূর্ণ।সিনথেটিক কাপড় ঘাম আটকে রেখে অস্বস্তি বাড়ায়। তাই ঢিলেঢালা সুতির পোশাক পরলে ঘাম কম হয় এবং শরীর স্বস্তিতে থাকে।
পর্যাপ্ত পানি পান করুন
গরমে শরীর ঠান্ডা রাখতে নিয়মিত পানি পান জরুরি। প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার পানি পান করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত ঘাম কমে।
মেথি ভেজানো পানি
এক চা চামচ মেথি রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে অতিরিক্ত ঘাম কমাতে সহায়ক হতে পারে।
চন্দনের ব্যবহার
চন্দন ত্বকের জন্য উপকারী। শরীরের যে স্থানে বেশি ঘাম হয় সেখানে চন্দন বেটে লাগিয়ে কিছুক্ষণ রাখলে ঘাম কমতে পারে।
ভেষজ মিশ্রণ ব্যবহার
সারিভা, চন্দন, আমলকি গুঁড়া ও গোলাপ পানি মিশিয়ে শরীরে লাগালে ঘাম নিয়ন্ত্রণে সহায়তা করে। ১৫–২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
• খাবারে আনুন পরিবর্তন
• রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন
• অতিরিক্ত গরম খাবার এড়িয়ে চলুন
• তেতো ও মিষ্টি খাবার পরিমিত পরিমাণে খান
• ঝাল ও টক খাবার কমিয়ে দিন
• অল্প তেল-মসলাযুক্ত খাবার গ্রহণ করুন
অতিরিক্ত ঘাম অনেক সময় বড় কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। তাই সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।