বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠ, সঙ্গে ইনজুরির শঙ্কা। তবে সব বাধা পেরিয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দাপুটে জয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বসুন্ধরা কিংস।
দৃষ্টিনন্দন এক গোলে দলের জয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন অভিজ্ঞ উইঙ্গার রাকিব হোসেন। ম্যাচ শেষে এই তারকা ফরোয়ার্ড জানালেন, কিংসের চোখ এখন ট্রেবল জয়ে।একই সঙ্গে জাতীয় দলের হয়ে আসন্ন সান মারিনো সফর নিয়েও রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।
মঙ্গলবার কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতেই দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোল আদায় করে নেন রাকিব।দুরূহ কোণ থেকে করা সেই গোল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সবসময় লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা। ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, আমরা প্রস্তুতিও নিয়েছিলাম সেভাবে।বল পাওয়ার পর দেখলাম গোলরক্ষক প্রথম পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছে, সে ভেবেছিল আমি হয়তো ক্রস করব। সেই সুযোগটাই আমি কাজে লাগিয়েছি এবং সরাসরি শট করে গোল আদায় করে নিয়েছি।’
টানা বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতি বেশ কঠিন ছিল। তবে দলের পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল না। রাকিব বলেন, ‘কর্দমাক্ত মাঠে খেলাটা সবসময়ই একটু কঠিন। ইনজুরির ঝুঁকি থাকে, অনেক সমস্যা থাকে। তবে আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি এবং সহজেই জিততে পেরেছি।’
ঘরোয়া ফুটবলে কিংসের আধিপত্য নতুন কিছু নয়। তবে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে এবারের পরিস্থিতি কিংসকে আবারও ট্রেবল জয়ের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। এ প্রসঙ্গে এই ফরোয়ার্ডের আত্মবিশ্বাসী উচ্চারণ, ‘বসুন্ধরা কিংস সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফুটবল খেলে। আমরা ইতোমধ্যে একটি ট্রফি জিতেছি। এখন লিগেও শীর্ষে আছি, ফেডারেশন কাপেরও ফাইনালে উঠলাম। এই দুটি জিততে পারলেই আমাদের ট্রেবল হবে। আমরা অলরেডি একবার ট্রেবল জিতেছি, এবারও সেই লক্ষ্য পূরণে ক্লাব, কর্মকর্তা এবং আমরা খেলোয়াড়রা সবাই ঐক্যবদ্ধ।’
দলের এই ধারাবাহিক সাফল্যের পেছনে কোচিং প্যানেল, সতীর্থ এবং সমর্থকদের বড় কৃতিত্ব দেখছেন এই উইঙ্গার। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততার মাঝেই রাকিবের ভাবনায় উঁকি দিচ্ছে জাতীয় দল। আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এই ঐতিহাসিক ম্যাচ নিয়ে দলের উদ্দীপনার কথা জানিয়ে রাকিব বলেন, ‘ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলাটা সব খেলোয়াড়কেই উজ্জীবিত করছে। তারা বড় বড় টিমের সাথে খেলে পর্তুগাল, জার্মানি বা ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলে। এমন একটি দলের বিপক্ষে আমরা খেলতে পারব ভেবে আমরা সবাই সত্যিই অনেক রোমাঞ্চিত।’