বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখতে পারবে শিক্ষার্থীরা

বিনামূল্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখতে পারবে শিক্ষার্থীরা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজকে সামনে রেখে শিক্ষার্থী ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ একটি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থী ও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ম্যাচ ভেন্যুগুলোর গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।

বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে স্টেডিয়ামে এনে ক্রিকেটের দীর্ঘতম ও ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো। বিশেষ করে মাঠে বসে খেলা দেখার অভিজ্ঞতা যেন তারা সরাসরি উপভোগ করতে পারে, সেটিই এই পরিকল্পনার কারণ।

বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নিজ নিজ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ পরিচয়পত্র বহনকারী শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। 

এই সুবিধা পাওয়া যাবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে (৮-১২ মে) এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে (১৬-২০ মে)।

শুধু স্কুল শিক্ষার্থীরাই নয়, ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় থাকবে। তবে সেক্ষেত্রে তাদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS