ইরানের জাস্ক এলাকার কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইরানের ফারস নিউজ এজেন্সি। জাহাজটি থামার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দেওয়া সতর্কতা উপেক্ষা করার পর এ হামলা হয়।
আটকে পড়া জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে সরিয়ে নিতে ট্রাম্প আজ থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই এ হামলার খবর সামনে এলো।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা এ মিশনে ১৫,০০০ সামরিক সদস্য, ১০০টিরও বেশি স্থল ও সমুদ্র-ভিত্তিক বিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন দিয়ে সহায়তা করবে।
এদিকে, মার্কিন জাহাজে হামলার খবরের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা বলছে, হরমুজ প্রণালীতে তাদের কোনো নৌযান হামলার শিকার হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়নে কাজ করছে এবং ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর করছে।
সেন্টকমের এ বিবৃতিতে ইরানের ফারস নিউজ এজেন্সির দাবিকে সরাসরি নাকচ করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার যে দাবি ইরান করেছে, তা সত্য নয়।
ওই কর্মকর্তা বলেন, ইরানের রেভল্যুশনারি গার্ড মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে হামলার যে খবর প্রচার করেছে, তা তারা নিজেরাই সাজিয়েছে। এই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা।
সূত্র: আল জাজিরা