মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এ মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. হাবিব উল্লাহ। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ।তিনি ১৪ দিন রিমান্ডের পর অসুস্থ হয়ে যান। ১৫ দিন মেডিক্যালে ছিলেন।হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সার্বিক বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক।

শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন ভিকটিম বিপ্লব শেখ। ঘটনার সময় এজাহারনামীয় এক নম্বর আসামিসহ মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বিপ্লব শেখের গলায় ও কোমরে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গত বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় ভিকটিমের বাবা পারভেজ শেখ একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ২৩ মার্চ মাসুদ উদ্দিনকে বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে একাধিক মামলায় কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS