দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। কাজের বাইরে নানা ইস্যুতে সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেন তিনি।তারই ধারাবাহিকতায় এবার অপঘাতে মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ ও প্রশ্ন তুলেছেন তিনি। বিশেষ করে বুলেট বৈরাগীর মৃত্যুর প্রসঙ্গ টেনে মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিকমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে ফারিয়া লেখেন, আমাদের দেশে অপঘাতে মৃত্যুর খবরগুলো যেন ধীরে ধীরে ‘নিউ নর্মাল’ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ শোক, সামান্য আলোচনা ও প্রতিবাদের পর আবার সব আগের মতো হয়ে যায়।মানুষের জীবনের মূল্য যেন কোথাও হারিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, এ ধরনের ঘটনার পরপরই সমাজ অন্য প্রসঙ্গে ব্যস্ত হয়ে পড়ে।কারও বিয়ে, বিচ্ছেদ বা তুচ্ছ নানা বিষয় নিয়ে আলোচনায় ডুবে গিয়ে মানুষ একেকটি অসমাপ্ত জীবন ও ভেঙে যাওয়া পরিবারের কষ্ট ভুলে যায়।
তবে এই বাস্তবতায় নিজেকেও পুরোপুরি আলাদা ভাবতে পারছেন না ফারিয়া। এই অভিনয়শিল্পী জানান, তবুও বুলেট বৈরাগীর স্ত্রীর মুখ তার মন থেকে সরছে না। একজন নতুন মা হিসেবে এমন কঠিন পরিস্থিতিতে পড়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
শবনম ফারিয়া লেখেন, এক মুহূর্তেই জীবন কীভাবে ওলটপালট হয়ে যেতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। যে মানুষটি ছিল ভালোবাসা, ভরসা ও ভবিষ্যতের প্রতীক, সে হঠাৎ করেই স্মৃতিতে পরিণত হয়েছে। এখন সেই পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে তার স্ত্রীকে-সন্তান এবং শ্বশুর-শাশুড়ির দায়িত্বও তার কাঁধে এসে পড়েছে।
জীবনের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, সকালে ঘর থেকে বের হওয়া মানুষ সন্ধ্যায় ফিরবে-এই নিশ্চয়তাটুকুও যেন আজ আর নেই। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় বের হয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা না থাকলে প্রকৃত কোনো পরিবর্তন আসবে না।