টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এত বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের টেস্ট স্কোয়াডে নিয়মিত হয়ে উঠতে পারেননি কোনো লেগ স্পিনার। অতীতে লিখন হোসেন-আমিনুল ইসলাম বিপ্লব খেললেও তারা কেউই থিতু হতে পারেননি এই ফরম্যাটে।এদিকে সাদা বলের ক্রিকেটে রিশাদ হোসেন নিয়মিত খেললেও লাল বলের ক্রিকেটে এখনো তার অভিষেক হয়নি।
তবে সাম্প্রতিক সময়ে রিশাদ যেভাবে পারফর্ম করছেন, সেটি দেখে দুইদিন আগে কিউই লেগ স্পিনার ইশ সোদি আশা করছেন দ্রুতই রিশাদ টেস্ট ক্রিকেট খেলবেন।সোমবার নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার জানালেন টেস্ট ক্রিকেট খেলার জন্য পুরোপুরি তৈরি রিশাদ, ‘সে প্রতিদিনই নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আগে যখন দেখেছি আর এখন বোলিং স্টাইলে অনেক পার্থক্য।ও এখন টার্ন করাতে পারে। গত বছর এনসিএলে ম্যাচ উইনিং বোলিং করেছে। আমার মনে হয় সে টেস্টের জন্য প্রস্তুত। ভবিষ্যতে ওকে নিয়ে পরিকল্পনা আছে। এই বছর অনেক টেস্ট আছে, কন্ডিশন অনুযায়ী চেঞ্জ হতে পারে।’
এর আগে কিউই লেগ স্পিনার ইশ সোদি বলেছিলেন, ‘আমার মনে হয় সে অত্যন্ত সম্ভাবনাময় একজন খেলোয়াড়। বলকে খুব ভালোভাবে রেভস দিতে পারে। আমার মনে হয় ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে এবং আশা করি সে টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে পারবে।’