অনেকে এই সমস্যার কারণে মেকআপ না করেই কোথাও যাওয়ার কথা ভাবেন। কিন্তু একেবারে সাদামাটা ভাবে গেলে অনেক সময় নিজের কাছেই অস্বস্তি লাগে।
তাহলে কি পরের অনুষ্ঠানেও একইভাবে যেতে হবে? না-এর সহজ সমাধান আছে। গরমেও দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখার উপায় জানিয়েছেন বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।
ফারনাজ বলেন, গরমকে ভয় না পেয়ে উপভোগ করতে শিখলে অনেক সমস্যাই কমে যায়। এই সময়ে সবচেয়ে জরুরি হলো সুস্থ থাকা এবং ত্বকের যত্ন নেওয়া।এজন্য প্রচুর পানি পান করতে হবে এবং মৌসুমি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে হাতে কিছুটা সময় রেখে প্রস্তুতি নেওয়া উচিত।
মেকআপ শুরু করার অন্তত ১০ মিনিট আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করুন। এরপর একটি পরিষ্কার পাতলা কাপড়ে বরফ পেঁচিয়ে মুখের যেসব স্থানে মেকআপ করবেন সেখানে ১০ মিনিট আলতো করে ঘষে নিন। তারপর ত্বক মুছে মেকআপ শুরু করুন। এতে ত্বক সতেজ দেখাবে এবং মেকআপ দীর্ঘ সময় টিকে থাকবে।
গরমে ঘাম হলে রোমকূপ থেকে তেল ও ঘাম বের হয়ে মেকআপ নষ্ট করে দেয়। তাই এই সময় ওয়াটারপ্রুফ প্রসাধনী ব্যবহার করাই ভালো।
মেকআপ ঠিক করার জন্য টিস্যু ব্যবহার না করে ব্যাগে একটি মেকআপ স্পঞ্জ রাখুন। কিছুক্ষণ পরপর স্পঞ্জ দিয়ে হালকাভাবে টাচ-আপ করলে মেকআপ নষ্ট হবে না।
পোশাকের ক্ষেত্রে হালকা ও আরামদায়ক কাপড় বেছে নিন। এবার মেকআপের ধাপগুলো-
বেস মেকআপ
ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন মুখ ও গলায় লাগিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। প্রয়োজন হলে দাগ বা ভাঁজ ঢাকতে কনসিলার ব্যবহার করুন। এরপর কমপ্যাক্ট পাউডার দিন।
চোখ
চোখের ওপর ও নিচে ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করুন। চোখের নিচে কালচে দাগ থাকলে কনসিলার লাগান। এরপর বেস আইশ্যাডো দিয়ে শুরু করে পোশাকের সঙ্গে মিলিয়ে ২-৩টি শেড ব্যবহার করতে পারেন। ভ্রূর নিচে হাইলাইটার দিন। কাজল চোখের ভেতরে লাগান, আর ওপরে-নিচে আইলাইনার ব্যবহার করুন। চাইলে গাঢ় কাজল দিয়েও লুকটি সম্পন্ন করা যায়। শেষে দুই কোট মাসকারা লাগান।
নাক
নাক ছোট বা মোটা হলে দু’পাশে ডার্ক শেডের ফাউন্ডেশন ব্যবহার করুন। নাকের ওপরের অংশে লাইট শেড ও কমপ্যাক্ট লাগালে নাক শার্প দেখাবে।
ব্লাশন
গোলাপি বা বাদামি শেডের ব্লাশ ব্যবহার করুন। হালকা হাসি দিয়ে গালের আপেল পয়েন্টে লাগান। মুখ ফোলা হলে গোলাপি ব্লাশ এড়িয়ে চলাই ভালো।
ঠোঁট
লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে হালকা পাউডার লাগান। তারপর লিপ পেন্সিল দিয়ে আউটলাইন এঁকে লিপস্টিক লাগান। গরমে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করাই ভালো। চাইলে লিপগ্লসও ব্যবহার করতে পারেন।
সবশেষে, বাইরে বের হওয়ার অন্তত আধাঘণ্টা আগে সানস্ক্রিন ব্যবহার করুন। সঙ্গে সানগ্লাস ও ছাতা রাখুন-এগুলো আপনার চোখ ও ত্বক দুটিকেই সুরক্ষা দেবে।