News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায়

দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায়

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশে দূরপাল্লার বাসের ভাড়ায় কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে এই নতুন বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা রয়েছে।সরকারি এই সিদ্ধান্তের পর ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাসগুলো বাড়তি ভাড়া আদায়ের প্রক্রিয়া শুরু করেছে। তবে টার্মিনালগুলোতে যাত্রী সংকট থাকায় অনেক পরিবহন কোম্পানি বাধ্য হয়ে আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছে।কোথাও আবার আংশিক ভাড়া বাড়ানো হয়েছে।

এদিন রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমন মিশ্র চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টারে নতুন ভাড়ার তালিকা নিয়ে তোড়জোড় শুরু হলেও যাত্রীর উপস্থিতি একেবারেই হাতেগোনা। যাত্রী না থাকার কারণে পরিবহন শ্রমিকরা অনেকটা বাধ্য হয়েই আপস করছেন।সিট ফাঁকা যাওয়ার চেয়ে যার কাছ থেকে যেমন পারছেন, সেভাবেই ভাড়া নিয়ে বাস ছাড়ছেন তারা। 

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ বা উৎসবের ছুটি সামনে এলে যখন যাত্রীর চাপ বাড়বে, তখন এই নতুন ভাড়া পুরোপুরি কার্যকর হবে।

কল্যাণপুর বাস টার্মিনালে কথা হয় দেশ পরিবহনের সেলস এক্সিকিউটিভ ইফতির সঙ্গে। 

তিনি জানান, তাদের এসি বাসের ভাড়া ইতোমধ্যে বাড়ানো হয়েছে, তবে নন-এসি বাসের ভাড়া আগেরটাই রাখা হয়েছে।

ইফতি বলেন, এসি গাড়ির ভাড়া আমরা নিজেরাই নির্ধারণ করি, তাই সেটির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে নন-এসি গাড়ির ভাড়া বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

অন্যদিকে নাবিল পরিবহনেও দেখা গেছে প্রায় একই চিত্র। 

পরিবহনটির কল্যাণপুর কাউন্টারের সেলস এক্সিকিউটিভ বাবু জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁও রুটে নন-এসি বাসের ভাড়া আগের মতো এক হাজার ৫০ টাকাই নেওয়া হচ্ছে। তবে এসির ভাড়া এক হাজার ৮শ টাকা থেকে ১শ টাকা বাড়িয়ে বর্তমানে এক হাজার ৯শ টাকা করা হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের অর্ধেকের বেশি গাড়ি ফাঁকা যাচ্ছে। যাত্রী না থাকলে ভাড়া বাড়িয়ে লাভ কী!

নাবিল পরিবহনের কাউন্টারে বিকেল ৪টার বাসের জন্য অপেক্ষারত ঠাকুরগাঁওয়ের যাত্রী আসিফও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, তেলের দাম বাড়ার খবর টিভিতে দেখেছি, ভেবেছিলাম আজ হয়তো বাড়তি ভাড়া গুনতে হবে। কিন্তু কাউন্টারে এসে দেখি, নন-এসি বাসের জন্য আমার কাছ থেকে আগের ভাড়াই রাখা হয়েছে।

এদিকে কিছু পরিবহন কোম্পানি সামান্য পরিমাণে ভাড়া বাড়িয়েছে। কুষ্টিয়াগামী সুপার সনি পরিবহন আগের ৬শ টাকা ভাড়ার জায়গায় এখন ৬৫০ টাকা নিচ্ছে। 

কাউন্টারের সহকারী মাসুম বলেন, আগে আমরা সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে একটু কম নিতাম। এখন তেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়ে ৫০ টাকা বাড়িয়েছি। তবে ভাড়া বাড়ানোর পরও তা এখনো আগের অফিসিয়াল ভাড়ার চেয়ে কমই আছে।

অপরদিকে, কুষ্টিয়াগামী এসবি পরিবহন জানিয়েছে, তাদের ভাড়া বাড়ানোর প্রক্রিয়া এখনো চলমান। কোম্পানির নিজস্ব সফটওয়্যার ও অনলাইন সিস্টেম আপডেট করা হচ্ছে। কাল-পরশুর মধ্যেই তাদের নতুন ভাড়া কার্যকর হবে।

দূরপাল্লার অন্যতম পরিচিত নাম শ্যামলী পরিবহনের চিত্রও কিছুটা ভিন্ন। চট্টগ্রামমুখী বাসের ক্ষেত্রে তারা আগের চেয়ে মাত্র ২০ টাকা বাড়িয়ে বর্তমানে ৫৭০ টাকা ভাড়া নিচ্ছে। 

কল্যাণপুর কাউন্টারের সেলস এক্সিকিউটিভ রিপন জানান, চট্টগ্রাম রুটে তাদের অফিসিয়াল ভাড়া আগে থেকেই ৬৮০ টাকা নির্ধারিত ছিল। কিন্তু যাত্রী আকর্ষণের জন্য অনেক কম ভাড়ায় যাত্রী নেওয়া হতো। এখন কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়ার পরও অফিসিয়াল ভাড়ার চেয়ে অনেক কম ভাড়াই নেওয়া হচ্ছে।

একইভাবে শ্যামলী পরিবহনের কুষ্টিয়ামুখী বাসের ভাড়ার বিষয়ে রিপন জানান, গতকাল পর্যন্ত এই রুটে ৬৫০ টাকা অফিসিয়াল ভাড়া থাকলেও যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা রাখা হতো। বাকি ৫০ টাকা মূলত কলারম্যানের কমিশন বা যাত্রীদের ছাড় হিসেবে দেওয়া হতো। কিন্তু এখন তেলের দাম বাড়ার কারণে যাত্রীদের কাছ থেকে কোনো ছাড় না দিয়ে সরাসরি ৬৫০ টাকাই নেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, মালিকপক্ষের পরবর্তী নির্দেশ এলে এই রুটে ভাড়া আরও বাড়তে পারে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেখা যায়, তেলের দাম বৃদ্ধির কারণে বাস মালিকরা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলেও বর্তমান যাত্রী খরা ও তীব্র প্রতিযোগিতার কারণে তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারছেন না। 

যাত্রীরাও বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির এই সময়ে যাতায়াত ভাড়া বৃদ্ধি তাদের ওপর বাড়তি চাপ ফেলছে। আপাতত পরিবহন খাত এক ধরনের মিশ্র অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে টিকিটের দাম নির্ভর করছে যাত্রীর উপস্থিতির ওপর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS