পারিবারিক গল্পের অভিনয় শিল্পী হিসেবে সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের সাম্প্রতিক কাজগুলো দেখলে সেটি আরও স্পষ্ট হয়ে যায়।তারই ধারাহিকতায় ‘যে বাধন যায় না ছেঁড়া’ নামের নতুন নাটকে অভিনয় করেছেন তারা।
জামাল হোসেনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুভ্রত মিত্র।এর গল্প ও চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্ত্বনু। নাটকটির বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত ও আশরাফুল আলম সোহাগ।
গল্পে দেখা যায়, সুখী দম্পতি সুনেরাহ ও ইরফান সাজ্জাদের পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় বাবা আবুল হায়াত। প্রথম দিকে বিষয়টি স্বাভাবিক থাকলেও পরে বেঁকে বসেন সুনেরাহ।এ নিয়ে সংসারে টানাপোড়েন শুরু হয় তাদের। বিপত্তিতে পড়েন ইরাফান সাজ্জাদ। একদিকে স্ত্রী অন্য দিকে বৃদ্ধ বাবা তার। এমন পরিস্থিতিতে কী করবেন তিনি? এমনই গল্পে নাটকটি নির্মিত হয়েছে।
নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, চলতি বছর পারিবারিক গল্পের দিকে দর্শক বেশ আগ্রহী হয়েছেন। এ নাটকেও দর্শক পিতা ও পুত্রের সুন্দর একটি গল্প দর্শক দেখতে পাবে। এ সময়ে এসে আমাদের পরিবারগুলোতে যা হচ্ছে পরিচালক সেটি তুলে ধরার চেষ্টা করেছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রঙ্গন এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘যে বাধন যায় না ছেঁড়া’ নাটকটি।