অর্পিতার ঐতিহাসিক হ্যাটট্রিকে তাইপেকে রুখে দিল বাংলাদেশ

অর্পিতার ঐতিহাসিক হ্যাটট্রিকে তাইপেকে রুখে দিল বাংলাদেশ

আন্তর্জাতিক আঙিনায় সিনিয়র পর্যায়ে নিজেদের অভিষেক ম্যাচেই দারুণ চমক দেখাল বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে রীতিমতো চোখে চোখ রেখে লড়াই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।জাকার্তায় অনুষ্ঠিত ১০ গোলের রুদ্ধশ্বাস এই লড়াইটি শেষ পর্যন্ত ৫-৫ সমতায় অমীমাংসিত থাকে।

ইন্দোনেশিয়ার জিবিকে হকি মাঠে বৃহস্পতিবার র‍্যাঙ্কিংয়ের ৫৫ নম্বর দল তাইপের বিপক্ষে খেলতে নেমেছিল আনকোরা বাংলাদেশ।তবে মাঠের খেলায় জাহিদ আহমেদ রাজুর শিষ্যদের দেখে তা বোঝার উপায় ছিল না। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরিয়ে দেয় তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি উপহার দেয় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ৮ম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার রিয়ার গোলে লিড পায় দল।যদিও পরের মিনিটেই গোল শোধ করে দেয় তাইপে। তবে দমে যায়নি বাংলাদেশ; ১০ম মিনিটে অধিনায়ক অর্পিতা পালের পেনাল্টি কর্নার থেকে করা গোলে আবারও লিড নেয় লাল-সবুজের জার্সিধারীরা। ১৭তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক।

ম্যাচে পিছিয়ে পড়ে এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় চায়নিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারের মধ্যেই জোড়া গোল করে ৩-৩ সমতায় ফেরে তারা। শুধু তাই নয়, তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল দিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় তাইপে।

তবে হার না মানা মানসিকতার দারুণ এক গল্প লিখেছে বাংলাদেশের মেয়েরা। দুই গোলে পিছিয়ে থাকার পরও হাল ছাড়েনি তারা। ৪০ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান কমান কনা আক্তার। আর ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৫-৫ গোলের স্বস্তির এক ড্র এনে দেন অধিনায়ক অর্পিতা পাল।

এমন রোমাঞ্চকর ড্রয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল উজবেকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ নারী হকি দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS