পরিসংখ্যান নয়, মিরপুরেই আসল পরীক্ষা বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইয়ে

পরিসংখ্যান নয়, মিরপুরেই আসল পরীক্ষা বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াইয়ে

সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই আত্মবিশ্বাসী।এবারের কিউই দলটিও তুলনামূলক অনভিজ্ঞ। টম ল্যাথামের নেতৃত্বে আসা এই দলে নিয়মিত ওয়ানডে স্কোয়াডের অনেকেই নেই।আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় মূল দলের বেশ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত, ফলে তারুণ্যনির্ভর একটি দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড।

ওয়ানডেতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এখন পর্যন্ত ৪৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে।এর মধ্যে নিউজিল্যান্ড জয় পেয়েছে ৩৪টি ম্যাচে, বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচে। আর ১টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। এগিয়ে আছে নিউজিল্যান্ড।

তবে ঘরের মাঠে চিত্রটা ভিন্ন। বাংলাদেশে অনুষ্ঠিত ওয়ানডেতে টাইগারদের সাফল্যের হার উল্লেখযোগ্য। ২০১০ সালে ৫ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ (একটি ম্যাচ পরিত্যক্ত)। এরপর ২০১৩ সালে ৩-০ ব্যবধানে আবারও কিউইদের হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা। 

তবে সাম্প্রতিক লড়াইয়ে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে। ২০২৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সিরিজে কিউইরা ২-০ ব্যবধানে জয় পায় (একটি ম্যাচ পরিত্যক্ত)। ফলে সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা এগিয়ে থাকলেও, কন্ডিশন ও অভিজ্ঞতার কারণে এবারও বাংলাদেশকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হচ্ছে।

তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ শিবির। প্রধান কোচ ফিল সিমন্স সতর্ক করে দিয়েছেন, নাম নয় মাঠের পারফরম্যান্সই আসল। পাকিস্তান সিরিজের মতো এবারও স্পোর্টিং উইকেটে খেলার পরিকল্পনা নিয়েছে স্বাগতিকরা, যেখানে ব্যাটসম্যান ও বোলার দু’পক্ষের জন্যই সুযোগ থাকবে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মিরাজও প্রতিপক্ষের প্রতি সতর্কতামূলক কথা বলেছেন। তিনি কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখতে চান না। সামনেই বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে লক্ষ্য করে সব সিরিজকে সমানভাবে গুরুত্ব দিতে চান তিনি। অন্যদিকে কিউই অধিনায়ক ল্যাথাম বলেছেন, তিনি বাংলাদেশের কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের বোলিং আক্রমণের বিপক্ষে প্রতিরোধ করতে চান।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পাকিস্তান সিরিজে যে কম্বিনেশন নিয়ে সফলতা পেয়েছে বাংলাদেশ, সেই একই দল নিয়েই প্রথম ওয়ানডেতে নামার সম্ভাবনাই বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS