টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে তান্ডব চালিয়ে মার্চ মাসের “আইসিসি মেন’স প্লেয়ার অফ দ্য মান্থ” নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যাটার সাঞ্জু স্যামসন। এটি তার ক্যারিয়ারে প্রথম আইসিসি মাসসেরার স্বীকৃতি।
অন্যদিকে, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতিমানবিক অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে মেয়েদের বিভাগে মাসসেরা হয়েছেন কিউই তারকা মেলি কের।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে একাদশে নিয়মিত না থাকলেও সুপার এইট পর্বে সুযোগ পেয়েই নিজেকে চেনান স্যামসন।১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও তার ৯৭* রানের ইনিংস ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেয়।
এরপর ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৮৯ রানের বিধ্বংসী ইনিংস।ফাইনালে আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচেও তিনি খেলেন আরও একটি ৮৯ রানের ইনিংস, যা ভারতকে শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখে।
মার্চ মাসে খেলা ৩টি গুরুত্বপূর্ণ ম্যাচে স্যামসন ১৩৭.৫০ গড় এবং ১৯৯.২৭ স্ট্রাইক রেটে ২৭৫ রান সংগ্রহ করেছেন।এই পারফরম্যান্স তাকে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ২০-এ জায়গা করে দিয়েছে।
নিউজিল্যান্ডের নারী দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর মেলি কের যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করেন তিনি, যার মধ্যে ক্যারিয়ার সেরা ৭/৩৪ উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে। শুধু বল হাতেই নয়, ৩ ম্যাচে ১৪০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে ছিলেন তিনি।
সাফল্যের এই ধারা তিনি বজায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। সেখানে তিনি ২৭৬ রান করেন এবং টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০-এর বেশি রান করার অনন্য রেকর্ড গড়েন। এই পারফরম্যান্স তাকে আইসিসি নারী টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বর আসনে বসিয়েছে।