বাসে ডাকাতের গুলিতে প্রাণ হারালেন ফুটবলার

বাসে ডাকাতের গুলিতে প্রাণ হারালেন ফুটবলার

ঘানার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির বাসে সশস্ত্র ডাকাত দলের হামলায় প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী তরুণ ফুটবলার ডমিনিক ফ্রিম্পং।

সোমবার ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে।

গত রবিবার দক্ষিণ ঘানার সামরেবোই এলাকায় সামারটেক্স ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলে ফিরছিল বেরেকুম চেলসি দল।ফেরার পথে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত তাদের বাসের গতিপথ রোধ করে।

ক্লাবের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ডাকাত দল রাস্তা বন্ধ করে রেখেছিল।বাসটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা একে-৪৭ ও অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। প্রাণ বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা বাস থেকে নেমে পাশের জঙ্গলে আশ্রয় নেন।কিন্তু সেই গোলাগুলির মধ্যেই বিদ্ধ হন তরুণ ডিফেন্ডার ডমিনিক।

ডমিনিক ফ্রিম্পংয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘ডমিনিক ছিলেন এক উজ্জ্বল প্রতিভা। তার এই মৃত্যু শুধু বেরেকুম চেলসির জন্য নয়, পুরো ঘানার ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

এর আগেও ২০২৩ সালে একই এলাকায় লেগন সিটিস নামের আরেকটি ক্লাবের বাস আক্রান্ত হয়েছিল, যদিও সেবার কেউ হতাহত হননি। এই ঘটনার পর ঘরোয়া লিগের ক্লাবগুলোর যাতায়াতের নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS