বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সংস্কৃতি সেলের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ নামের এ আয়োজনে থাকছে বর্ণাঢ্য বৈশাখি র্যালি, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।
সোমবার (১৩ এপ্রিল) এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান জানান, পহেলা বৈশাখের দিন মঙ্গলবার দুপুরের পরই মূল আয়োজন শুরু হবে। বেলা ৩টায় বর্ণিল এক শোভাযাত্রায় অংশ নেবেন এনসিপির নেতাকর্মীরা।রাজধানীর বাংলামোটর থেকে শুরু করে শাহবাগ হয়ে এ শোভাযাত্রা বাংলামোটরে ফিরে এসে শেষ হবে। একই সময়ে বাংলামোটরের নেভি গলিতে বসবে বৈশাখী মেলা।এ আয়োজনে থাকবে গান, নৃত্য ও বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ। মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজনও থাকছে।
ঢাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বছরের নতুন দিনে আমাদের সঙ্গে মিলিত হোন ঐতিহ্য আর উৎসবের রঙে রঙিন হতে।
নেভি গলির আয়োজনস্থলে আজ সোমবার রাত ৮টার পর থেকেই শুরু হবে আল্পনা আঁকা। আগামীকাল মঙ্গলবারের মেলায় বাহারি খাবার ও মাটির তৈজসপত্রের দোকানও বসবে বলে জানা গেছে।
সরকারি নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সন্ধ্যা ৬টার আগেই মেলার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান।