দক্ষিণ ভারতীয় নায়িকাদের মধ্যে অর্থের দিক থেকে এগিয়ে আছেন লেডি সুপারস্টার নয়নতারা। শাহরুখ খানের সঙ্গে ‘জাওয়ান’-এর মতো সিনেমা করলেও নিজ অঞ্চলের বাইরে ততটা কাজ করেন না তিনি।তবে এ নায়িকার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপি বলে জানা গেছে।
প্যান-ইনডিয়ান সিনেমার চাহিদা বাড়ায় আজকাল দক্ষিণ ভারতীয় তারকারা নতুন নতুন রেকর্ড গড়ছেন।তাদের পরিচিতি ও দর্শক আগ্রহ বাড়ছে। এ তালিকায় রয়েছেন একাধিক নায়িকাও।সিনমার মাধ্যমে শুধু খ্যাতিই নয়, প্রচুর অর্থও উপার্জন করেছেন তারা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অর্থের দিক থেকে দক্ষিণ ভারতীয় নায়িকাদের মধ্যে এগিয়ে আছেন নয়নতারা।‘দক্ষিণের লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত এ নায়িকার মোট সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপি।
‘বাহুবলী’-খ্যাত আনুশকা শেঠি রয়েছেন দ্বিতীয় স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ১৩৫ কোটি রুপি। তিন নম্বরে থাকা তামান্না ভাটিয়া দক্ষিণ ভারতীয় ও হিন্দি উভয় চলচ্চিত্রেই সমান তালে কাজ করেছেন। অবশ্য আজকাল আইটেম গানেই তার জনপ্রিয়তা বেশি। তামান্নার মোট সম্পদের পরিমাণ ১১০-১২০ কোটি রুপি।
এরপরে রয়েছেন সামান্থা রুথ প্রভু। তার জনপ্রিয় হিন্দি প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল হানি বানি’। সামান্থার মোট সম্পদের আকার ১১০-১২০ কোটি রুপি।
তৃশা কৃষ্ণান দু-একটি হিন্দি সিনেমা করলেও তামিল ও তেলুগু সিনেমার একজন প্রধান মুখ তিনি। যার ঝুলিতে রয়েছে ‘৯৬’-এর সিনেমা। তার সম্পদের আকার ৮৫-১০০ কোটি রুপি। পরের অবস্থানে থাকা ‘সিংহাম’-খ্যাত কাজল আগরওয়ালের সম্পদের পরিমাণ ৮৫ কোটি রুপি। ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিতি রাশমিকা মান্দানার সম্পদের পরিমাণ ৬৬ কোটি রুপি বলে জানা গেছে।
বলিউডে একাধিক সিনেমা করেও সাফল্য পাননি পূজা হেগড়ে। তিনি এখন দক্ষিণ ভারতের ব্যস্ত তারকা, তালিকায় তার অবস্থান অষ্টম। পূজার সম্পদের পরিমাণ ৫০ কোটি রুপি। তালিকার শেষ দুই নাম সাই পল্লবী ও শ্রুতি হাসানের, তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৪৭ কোটি ও ৪৫ কোটি রুপি।