রাষ্ট্রপতির ভাষণের আলোচনা বাদ দিয়ে দ্রুত অধ্যাদেশ পাসের প্রস্তাব নাহিদের

রাষ্ট্রপতির ভাষণের আলোচনা বাদ দিয়ে দ্রুত অধ্যাদেশ পাসের প্রস্তাব নাহিদের

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো দ্রুত বিল আকারে পাস করার তাগিদ দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি প্রস্তাব দিয়েছেন, সময় সংকটের কারণে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দিয়ে আইন পাসে অগ্রাধিকার দেওয়া হোক।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব দেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

নাহিদ ইসলাম বলেন, অধ্যাদেশগুলো বিল হিসেবে পাসের সময়সীমা আগামী ১২ এপ্রিল পর্যন্ত। তাই দ্রুত সময়ের মধ্যে এগুলো পাস করা জরুরি।আমরা চাই, যেসব বিষয়ে সবাই একমত, সেগুলো দ্রুত পাস হোক, বলেন, তিনি।

তবে যেসব বিলে বিরোধী দলের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেগুলোতে পর্যাপ্ত আলোচনার সুযোগ রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন,‘সময় নেই’এমন অজুহাতে যেন বিতর্ক এড়িয়ে যাওয়া না হয়।

তার বক্তবের জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি আমলে নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে সংসদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবে।

এদিকে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম জানান, মোট ১৩৩টি অধ্যাদেশ পাসের লক্ষ্য রয়েছে। বিরোধী দলের সহযোগিতারও প্রশংসা করেন তিনি এবং দ্রুততম সময়ে বিলগুলো পাসের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নির্ধারিত সময়সীমার মধ্যে অধ্যাদেশগুলো পাস করতে সংসদ সচিবালয় আগামী শুক্রবারও অধিবেশনের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS