জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন-এর স্মরণে বিশেষ আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বন্ধু প্রিয় শামস সুমন… স্মৃতিতে অম্লান’ শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল, সন্ধ্যা ৬টায়।রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে বসবে এই স্মরণসভা।
অভিনয়শিল্পী সংঘের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও প্রিয় সহকর্মী শামস সুমনের স্মৃতিকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গত ১৭ মার্চ অকাল প্রয়াত হন শামস সুমন।তার অভিনয়, ব্যক্তিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।
তার এই আকস্মিক প্রয়াণের পর সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।সেই শোককে স্মৃতিচারণে রূপ দিতেই এই বিশেষ আয়োজন করছে অভিনয়শিল্পী সংঘ।