বিমানখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে সমঝোতা সই

বিমানখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে সমঝোতা সই

বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধি ও টেকসই অবকাঠামো উন্নয়ন জোরদারে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেই এই চুক্তি সম্পন্ন হয়।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন বাংলাদেশ পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। 

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন, যিনি যুক্তরাজ্য-বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী ও প্রসারিত করতে এই সপ্তাহে ঢাকা সফর করছেন।

এই চুক্তিটি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মূল লক্ষ্য হলো বিমান চলাচল খাতে বিনিয়োগ সহজীকরণ, জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারনেস রোজি উইন্টারটন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার।এই সমঝোতা স্মারকটি বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করবে এমন একটি বিমান চলাচল খাত গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অভিন্ন আকাঙ্ক্ষারই প্রতিফলন।

তিনি বলেন, এই সমঝোতা স্মারকটি বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির একটি ক্ষেত্র তৈরি করে দেবে, যা আমাদের উভয় দেশের জন্যই লাভজনক হবে।আমি আজকের এই চুক্তিটিকে বাস্তবে রূপায়িত হতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি বড় বিনিয়োগকারী হিসেবে অব্যাহত রয়েছে। এই চুক্তি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে, যা পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, বাণিজ্য ও বিনিয়োগ পরিচালক সাকিব এরশাদ এবং বাণিজ্য ও বিনিয়োগের উপপরিচালক সৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS