আকস্মিক পরিদর্শনে ৩ দপ্তরে শিক্ষাসচিব, অফিসে উপস্থিতি-বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

আকস্মিক পরিদর্শনে ৩ দপ্তরে শিক্ষাসচিব, অফিসে উপস্থিতি-বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

আকস্মিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষাসচিব আবদুল খালেক। এ সময় তিনি বিদ্যুতের অপচয়রোধ, এসির কম ব্যবহার এবং অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে তিনি এ পরিদর্শনকালে এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজখবর নেন বলে জানিয়েছেন সচিবের একান্ত সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

এ সময় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে শিক্ষা সচিব আবদুল খালেক বলেন, দপ্তরের পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে।

মনে রাখতে হবে, আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে।

পরবর্তীতে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেন।ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের কাছে পড়াশোনার পাশাপাশি নানা কার্যক্রম সম্পর্কে জানতে চান।

তিনি বলেন, এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশ নিশ্চিত করা।প্রতিষ্ঠানটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর পরিবেশ বজায় রাখা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রম বা অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে ঘাটতি লক্ষ্য করা গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সৃজনশীল কাজ, এসবই একজন শিক্ষার্থীকে দক্ষ, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের আরও দক্ষ ও মজবুত করে গড়ে তুলতে প্রতি মাসে অন্তত একবার তিনি নিজে বা তার প্রতিনিধি পরিদর্শনে আসবেন। এতে নিয়মিতভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS